ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার মোনাকষা বাজারে এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে দোকানের টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন কাঁচামাল ব্যবসায়ী টিপুল।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের বাবুল হোসেনের ছেলে টিপুল দীর্ঘ দিন যাবৎ মঙ্গলবার সাপ্তাহিক হাটে কাঁচামালের ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার দুপুরে ২৫ হাজার টাকার কাঁচামাল নিয়ে তিনি বাজারে আসেন। বিকেল পাঁচটার দিকে নিয়ামতের ছেলে গঞ্জের তাঁর ছেলে মহন ও নাতি ছেলে শাহিন মোনাকষা বাজারে কাঁচামাল কিনতে আসেন। এ সময় গঞ্জেরের ছেলে মহন কাঁচামালের দোকান মালিক টিপুলকে বাজারের পাশে ডেকে নিয়ে গিয়ে এক সপ্তাহ আগে মোটরসাইকেল মেরামেতর টাকা চান টিপুলের কাছে। টিপুল টাকা কয়েকদিন পরে দিবে বলে জানালে, তাঁর সঙ্গে মহনের বাগবিত-া সৃষ্টি হয়। এক পর্যায়ে গঞ্জের, মহন ও শাহিন তিনজন মিলে টিপুলকে বেধড়ক মারধর করেন। পরে তাঁরা টিপুলের দোকানে এসে কাঁচামাল বিনষ্ট ও ক্যাশে থাকা প্রায় ২০ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। এ সময় স্থানী লোকজন টিপুল ও বাবুলকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে টিপুল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।
