ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কাছে মোটরসাইকেল চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে ছিনতাইকারীরা ব্র্যাক কর্মকর্তা জাহিদ হাসানকে কুপিয়ে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যান। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত ব্র্যাক কর্মকর্তা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খয়েরচারা গ্রামের দীন মোহাম্মদের ছেলে।
জানা গেছে, জাহিদ হাসান যশোরের কেশবপুর ব্র্যাক অফিসের প্রোগ্রাম অফিসার। গতকাল রোববার ভোরের দিকে তিনি হোন্ডা সাইন ১২৫ সিসি মোটরসাইকেলযোগে কর্মস্থলে উদ্দেশে রওনা দেন। তিনি আহম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নিকট পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর বাইকের গতিরোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জাহিদ হোসেনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জাহিদকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জাহিদ হোসেনকে তিন মাস পূর্বে মেহেরপুর থেকে যশোর কেশবপুর শাখায় বদলি করা হয়। তাঁর পরিবার মেহেরপুর তাহের ক্লিনিকপাড়ায় বসবাস করছে। গত বৃহস্পতিবার জাহিদ হোসেন ছুটিতে বাড়ি আসেন। রোববার ভোরের দিকে কর্মস্থল যশোরের কেশবপুর যাওয়ার উদ্দেশে রওনা দিলে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
