জীবননগর অফিস:
জীবননগরে স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান করিমন ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার উথলী আমতলার প্রস্তাবিত হাইটেক পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত অটোচালক কোঁটচাদপুর উপজেলার লক্ষীকু-ু গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সামসুল আলমকে (৩৫) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে অটোচালক সামসুল দর্শনা থেকে জীবননগর শহরের দিকে যাওয়ার পথিমধ্যে শিয়ালমারি গরুর হাটে নিকট বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি করিমন সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কে মাঝখানে উল্টে পড়ে চালক গুরুতর জখম হয়। স্থানীয় ব্যক্তিরা অটোচালককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে নিয়ে ভর্তি করেন অটোচালকের স্বজনেরা। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান করিমন ও ব্যাটারিচালিত ইজিবাইকটি থানা হেফাজতে রাখা হয়েছে।
