ছবির ক্যাপশন:
দুষ্কৃতিকারীদের হাতে নিহত স্কুলছাত্র সুবাশের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের ৬৩ আড়িয়া গ্রামের নিহত স্কুলছাত্র সুবাশের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেছেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ৬৩ আড়িয়া গ্রামে উপস্থিত হয়ে নিহত স্কুলছাত্র সুবাশ কুমার সাধু খার পিতা গণেশ চন্দ্র সাধু খা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন। সিআইপি দিলীপ কুমার আগরওয়ালাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুবাশের পরিবারের সদস্যরা। এ সময় বাবু দিলীপ কুমার নিহত স্কুলছাত্র সুবাশের পিতাকে একটি গাভি দান করেন এবং সেই সঙ্গে সুবাশের পরিবারের ভরণপোষণের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, দুষ্কৃতিকারীদের হাতে নিহত স্কুলছাত্র সুবাশের ছোট বোনকে নিজের সন্তানের মতো মানুষ করবেন তিনি। এ ছাড়া যেকোনো সমস্যায় সুবাশের পরিবারের সঙ্গে সব সময় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সুবাশের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ অক্টোবর স্কুলছাত্র সুবাশ চুয়াডাঙ্গা পান্না (রূপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত মহানামযজ্ঞ শুনতে এলে সিনেমা হলের পার্শ্ববর্তী পুরাতন সাহিত্য পরিষদের পাশের গলিতে তাকে কৌশলে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে একদল দুষ্কৃতিকারী।
