আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের ট্যাংরামারী পাড়ার মৃত মসলেম আলীর ছেলে মোয়াজ্জেম আলী (৫০) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রয় করে আসছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আটকের পর তাঁর নিকট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, একই দিন কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ফয়জদ্দিনের ছেলে জহুরুল ইসলামকে (৩০) আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অন্য দিকে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদ জেহালা ইউনিয়নের জেহালা গ্রামে অভিযান চালিয়ে মৃত কিশোরীর ছেলে ভবেশ সরকার (৫৫) ও একই এলাকার জিল্লুর রহমানের ছেলে সাইফুর রহমান রাসেলকে (৩২) ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
