কোটচাঁদপুর ও মহেশপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

আপলোড তারিখঃ 2019-10-15 ইং
কোটচাঁদপুর ও মহেশপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন ছবির ক্যাপশন:
ভোট কেন্দ্রে আসতে বাধা, পোলিং এজেন্ট বের করে দেওয়াসহ কর্মীদের মারধরের অভিযোগ ঝিনাইদহ অফিস: পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচন বর্জন করেছে বিএনপি। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি সংবাদ সম্মেলনে ভোটারদের হুমকি, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ান। অন্যদিকে, মহেশপুর উপজেলা নির্বাচনে ধানের শীষ র্প্রাথী এস এম শাহজামান মোহন ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা প্রদান, পোলিং এজেন্টদের গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া ও কর্মীদের মারধরের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভোটারশূন্য ভোট কেন্দ্র। ভোটারদের উপস্থিতি ছিল নগন্য। নির্বাচনের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ‘ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বিএনপির ভোট বর্জনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে মিডিয়াকর্মীদের মাধ্যমে শুনেছি।’ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের বাধা প্রদান বা পোলিং এজেন্টদের বের করে দেওয়ার কোনো অভিযোগ বিএনপির প্রার্থীরা করেননি।’ জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী শরিফুন্নেছা মিকি ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক খায়রুল হোসেন সাথী। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮৮২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩টি। মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ময়জদ্দীন হামীদ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী এস এম শাহ জামান মোহন প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন মির সুলতানুজ্জামান লিটন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)