সাজানো দৃশ্যে আচমকা ভেঙে পড়ল ছাদ!

আপলোড তারিখঃ 2019-10-15 ইং
সাজানো দৃশ্যে আচমকা ভেঙে পড়ল ছাদ! ছবির ক্যাপশন:
এসএম শাফায়েত: আচমকা এক কম্পনে ভেঙে পড়ল বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের একাংশ। ভেতরে আটকা পড়ে শিক্ষার্থীরা। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী আহতসহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অন্যরাও। খবর পেয়ে সাইরেন বাজাতে বাজাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ছুটে এল ঘটনাস্থল চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ে। চারদিকে হইচই-ছুটোছুটির মধ্যে সবাইকে শান্ত হওয়ার আভাস দিয়ে অভিযানে নেমে পড়লেন উদ্ধারকারীরা। এরপর ভবনে ঢুকে সাবধানে বের করে নিয়ে আসা হয় শিক্ষার্থীদের। ভাঙা ভবনের মধ্যে আটকা পড়া শিক্ষার্থীদের বের করতে ব্যবহার করা হয় রোটারি রেসকিউস, চিপিং হ্যামার, বড় বড় রড কাটতে হাইড্রোলিক কাটার, হাইড্রোলিক র‌্যাম জ্যাকসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি। পর্যায়ক্রমে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হয় হাসপাতালে। এ ছাড়া ভবনের ওপর তলায় আটকে পড়াদের মইয়ের মাধ্যমে কাঁধে চাপিয়ে নামিয়ে নিয়ে আসা হয়। তবে ওপরে উল্লেখিত ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ঘটনার পুরোটাই সাজানো দৃশ্য মাত্র। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় কেদারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ে এ মহড়ার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক আব্দুস সালামের নেতৃত্বে মহড়ায় অংশ নেন ১৬ জন সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহড়া পরিদর্শন করেন আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনসহ সব শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় জিপু চৌধুরী বলেন, দুর্যোগঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পে জীবনহানিসহ ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। তাই ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণাসহ ভূমিকম্প মহড়ার বিকল্প নেই।’ এনডিসি সিব্বির আহমেদ বলেন, ‘আমাদের আবাসন যেন দুর্যোগ সহনীয় হয়। দুর্যোগ যেকোনো মুহূর্তেই আসতে পারে। তাই নিজেদেরকে সর্তক থাকতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমারা সবাই সচেতন হলে, সাবধান থাকলে দুর্যোগে বড় ধরনের ক্ষতি হবে না। বসতবাড়ি এমনভাবে তৈরি করতে হবে, যেন প্রাকৃতিক দুর্যোগে তেমন ক্ষতি না হয়। সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবিলা করতে হবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তাদের সহযোগিতা নিতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)