জীবননগর অফিস:
জীবননগরে জমি-সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বে বাড়ির প্রাচীর ভাঙচুরসহ ছয়টি ফলদ গাছ কেটে সাবাড় করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে উপজেলার উথলী দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উথলী দক্ষিণ পাড়ার মৃত মিনাজ উদ্দিনের মেয়ে বাড়ির মালিক ফেরদৌসী বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আহত ফেরদৌসী বেগম বলেন, ‘আমার বাবা ৫৮ শতক জমির মধ্যে আমাকে ৪৬ শতক জমি লিখে দিয়ে যান এবং সেখানে আমি বাড়ি করি ও গাছ লাগাই। কিন্তু আমার বাবার মৃত্যুর পর আমার দুই বোন মর্জিনা ও রেখা আমার জমি দখল করতে চায়। একপর্যায়ে অত্যাচারে আমি বাধ্য হয়ে তাদের নামে কোর্টে মামলা করি। কিন্তু বুধবার আমার দুই বোন টাকা দিয়ে স্থানীয় কিছু নেতা-কর্মীকে ম্যানেজ করে আমার জমি দখল করতে চায় এবং আমার বাগানের গাছ কাটতে চায়। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে। এ সময় আমার বাড়ির প্রাচীর ভাঙচুর করে এবং বাগানের পাঁচটি গাছ কেটে দেয়। একপর্যায়ে পুলিশকে জানানো হলে তারা সেখান থেকে সরে যায়।’
উথলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মঈন উদ্দিন বলেন, ‘ফেরদৌসী বেগমের সঙ্গে তাঁর দুই বোন মর্জিনা ও রেখার জমিজমা-সংক্রন্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে, এটা আমরা জানি। বিষয়টি সমাধানে উভয় পক্ষকে বসার জন্য বলা হয়েছে। কিন্তু কেউ বসতে রাজি হয়নি। তবে বিষয়টি নিয়ে শিগগিরই চেয়ারম্যানসহ সুধীজনেরা বসে উভয় পক্ষের এ দ্বন্দ্বের সমাধান করা হবে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘উথলী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধে প্রাচীর ভাঙচুর ও গাছ কেটে দেওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। আমি তিন বোনের সঙ্গে কথা বলে সব ঘটনা শুনেছি।’
