ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
সরকার চায় পরিচ্ছন্ন ইমেজ গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলেছেন, আবারও যাতে এক-এগারোর মত পরিবেশ সৃষ্টি না হয় সেজন্যই এ অভিযান। তাই চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের মধ্যে মন্ত্রিসভাকেও পরিচ্ছন্ন করতে শিগগিরই আবারও রদবদল আসতে পারে মন্ত্রিসভায়। টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে যারা ইতোমধ্যে বিতর্কিত হয়েছেন, ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন মন্ত্রিসভার রদবদলে তারা বাদ পড়বেন। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই মন্ত্রিসভার পুনর্গঠন হচ্ছে। মন্ত্রিসভায় যে সকল সদস্য দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তারা বাদ পড়তে পারেন এবং তাদের স্থলে নতুন ক্লিন ইমেজের এমপিরা মন্ত্রিসভায় স্থান পাবেন। সূত্রটি আরো জানায়, দুর্নীতির সঙ্গে জড়িত মন্ত্রিপরিষদের সদস্য বাদ দেয়ার পাশাপাশি সাবেক কয়েকজন দুর্নীতিগ্রস্থ মন্ত্রিপরিষদ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে, এমনকি গ্রেপ্তারও হতে পারেন কেউ কেউ। বৈধ উৎস ছাড়া বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানায়, ২০০৯ সাল থেকে টানা তিনবারে আওয়ামী লীগের যারা এমপি ও মন্ত্রী হয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রয়েছে। এমপি হবার আগে ও পরের তাদের পরিপূর্ণ সম্পদের তথ্য গোয়েন্দারা প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। কার কী পরিমাণ সম্পদ বেড়েছে, আয়ের উৎস, দলের জন্য কী ভূমিকা রেখেছেন, নির্বাচন কমিশনের হলফ নামার বাইরের নানা সম্পদের তথ্যও রয়েছে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া প্রতিবেদনে।
এ বিষয়ে আওয়ামী লীগের একজন সভাপতিমন্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী যখন শুদ্ধি অভিযান শুরু করেছেন তখন শুধুমাত্র যুবলীগ বা ছাত্রলীগে তা সীমাবদ্ধ থাকবে না। আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন, পুলিশ প্রশাসন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তার বিরুদ্ধে এমনকি মন্ত্রি পরিষদেও এ অভিযান চালাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বারবারই দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়তা ব্যক্ত করেছেন, এর অর্থ কোন পর্যায়ের দুর্নীতিকেই তিনি আর ছাড় দেবেন না। নভেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ অঙ্গসংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ ছাড়া সারাদেশেই তৃণমূল পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অপরাধী, অনুপ্রবেশকারী সকলকেই দল থেকে ছেটে ফেলা হবে এবার।
