টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা জরুরি

আপলোড তারিখঃ 2019-10-08 ইং
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা জরুরি ছবির ক্যাপশন:
মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদ্যাপন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে বিশ্ব বসতি দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।’। চুয়াডাঙ্গা: সবার জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবস উদ্যাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।’ দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম ফয়জুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বর্তমানে বাংলাদেশ একটি উজ্জ্বল সম্ভবনাময় দেশে রূপাান্তরিত হয়েছে। বাংলাদেশে প্রায় সব জেলা এখন মানুষের বসবাসের উপযোগী হয়েছে। প্রাচীন আমলের মতো মানুষ এখন আর বনে-জঙ্গলে বাস করে না। মানুষ এখন আগের তুলনায় অনেক সচেতন হয়েছে। তারা তাদের অধিকার সম্পর্কে বুঝতে শিখেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা জরুরি। বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘বর্তমান সরকার ছিন্নমূল মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। যারা গৃহহীন, তাদের থাকার জন্য নতুন নতুন আবাস ভূমি তৈরি করে দিয়েছে। যার জমি আছে, তাকে ঘর আর যার কিছুই নেই, তাকে জমিসহ ঘর করে দিচ্ছে সরকার। যেটা আমাদের সমাজের ছিন্নমূল মানুষের জন্য খুবই প্রয়োজনীয়।’ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। প্রসঙ্গত, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। পরের বছরই দিবসটি পালন শুরু হয়। মূলত সবার জন্য নিরাপদ আবাসন সৃষ্টিই এ দিবসটি পালনের লক্ষ্য। মেহেরপুর: মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে এ দিবস পালন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, এনডিসি রাকিবুল ইসলাম প্রমুখ। এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি কোর্ট সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)