ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন

আপলোড তারিখঃ 2019-10-08 ইং
ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: শিশু, শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। এ কর্নারে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র ও তথ্য। ফলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। শাম্মী ইসলাম জানান, ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তন, নারিকেলবাড়ীয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয়, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়, পিটিআই, ঝিনাইদহ প্রেসক্লাব ও আমেনা খাতুন ডিগ্রি কলেজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। এতে উঠে এসেছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার দৃশ্যপট। পাশাপাশি মুক্তিযুদ্ধে ঝিনাইদহ জেলার অবদান, ইতিহাস, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ অন্য মুক্তিযোদ্ধা ও বীরদের তথ্য তুলে ধরা হয়েছে। এতে পাঠ্যবইয়ের পাশাপাশি প্রতিনিয়ত কর্নারগুলো থেকে মুক্তিযুদ্ধকে জানা ও অনুভব করতে পারছে শিক্ষার্থীরা। একাত্তরে পাকিস্থানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, গণহত্যা, বাঙালির বীরত্বগাথাসহ মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার আগ্রহ বাড়ছে তাদের মধ্যে। মুক্তিযুদ্ধ কর্নারে আসা মারিয়া নামের এক শিক্ষার্থী বলেন, ‘পাঠ্যবই পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি। এখন মুক্তিযুদ্ধ কর্নারের ছবি ও তথ্য দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছি।’ তরিকুল ইসলাম নামের এক কলেজশিক্ষক বলেন, ‘মুক্তিযুদ্ধের স্থির চিত্রগুলো আমাদের মনকে নাড়া দেয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে আমাদেরকে উৎসাহিত করছে এ কর্নার। এ জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।’ জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব আলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ কর্নার সহায়ক ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা অবসর সময়ে আগ্রহ নিয়েই কর্নারে গিয়ে তথ্য জানছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগ আসলেই প্রশংসনীয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, ‘একটি জাতিকে এগিয়ে যেতে হলে তার শেকড়কে জানা উচিত। আর আমাদের শেকড় হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এ জন্যই সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করে তোলা, চিন্তা চেতনায় দেশাত্মবোধ, জাতীয়তাবোধ তথা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধ কর্নার গড়ে তোলা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)