ছবির ক্যাপশন:
ম্যাগাজিন ‘আইনাঙ্গন’-এর মোড়ক উন্মোচনকালে জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আইনজীবীদের লেখা-সমৃদ্ধ ম্যাগাজিন ‘আইনাঙ্গন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সেলিম উদ্দিন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মহ. শামসুজ্জোহা।
এ সময় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মনসুর উদ্দীন মোল্লা, এস এম রফিউর রহমান, বজলুর রহমান, নুরুল ইসলাম, ওয়াহেদুজ্জামান বুলা, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও তসলিম উদ্দিন ফিরোজ বক্তব্য দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, আইনজীবীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রয়োজন আছে। এতে মেধা ও মননশীলতার প্রকাশ ঘটে। এর ফলে সমাজ উপকৃত হয়। এ ধরনের কাজে আইনজীবীরা এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বক্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। ঠিক এ সময়ে আইনজীবীদের লেখনী নিয়ে এ ধরনের ম্যাগাজিন প্রকাশ সামাজিক সচেতনতা বাড়াবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মানি খন্দকার।
