নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়লার ড্রাম বহনের জন্য ড্রামবাহী ট্রলি প্রদান করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী। গতকাল রোববার সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবিরের নিকট তিনি এ ড্রামবাহী ট্রলি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সাজার্রি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট ডা. গোলাম মুরশিদ ডালিম, জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্টোর কিপার হাদিউজ্জামান হাদী প্রমুখ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী জানান, ‘হাসপাতালের নিচতলা, দ্বিতীয় তলা ও তৃতীয় তলার রোগীদের ব্যবহৃত ময়লা-বর্জ্য এবং অতিরিক্ত খাবার ফেলার জন্য প্রতি ওয়ার্ডে তিনটি করে ড্রাম রাখা হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের এসব ড্রামের ময়লা নিষ্কাশনে ড্রামগুলো কাঁধে করে বহন করতে হতো। পরিচ্ছন্নতা কর্মীদের এ কষ্ট লাঘব ও হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই আমি একটি ট্রলির ব্যবস্থা করেছি। এতে করে খুব সহজেই ভারী ভারী ড্রামগুলো বহন ও তার বর্জ্য নিষ্কাশন করা যাবে।’
