আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগরের গরু ব্যবসায়ী ওসমান আলী অপহরণের এক দিন পর বাড়িতে ফিরেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে আসেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামের মফুর আলীর ছেলে গরু ব্যবসায়ী ওসমান আলী (৪৫) গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন সন্ধ্যায় তাঁর বাড়িতে অপরিচিত এক মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয় ওসমান আলীকে আটক করে রাখা হয়েছে, এক লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে।
ওসমান আলীর ছেলে রতন আলী জানান, তাঁর মোবাইল ফোনে কল দিয়ে সোহেল নামের এক ব্যক্তি নিজেকে খুলনার রূপসা থানার এসআই পরিচয় দিয়ে ওই চাঁদা দাবি করেন। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পারে ওই স্থান খুলনা রূপসার না, ওই স্থানটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বন্নি গ্রাম। রতন আরও জানান, তাঁরা ২ দফায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরকারীকে দিয়েছেন। এরপর গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওসমান আলী মুক্তি পেয়ে তাঁর পরিবারের সদস্যদের নিকট ফোন করেন। পরে গতকাল শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে এসেছেন।
এদিকে, ওসমান আলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওসমান আলী গরু কিনতে গোপালগঞ্জে গেলে তাঁকে কৌশলে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। তবে কে বা কার বাড়িতে তাঁকে আটকে রাখা হয়েছিল, তা জানা যায়নি।
