প্রতিবেদক, বারাদী:
মেহেরপুরের বারাদী বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তাতে দোকানির প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বারাদী বাজারের পুলিশ ক্যাম্পের অদূরবর্তী আসাদুল অ্যান্ড সন্স মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। ভেতরে থাকা ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ দুই হাজার টাকা এবং সিগারেট ও অন্যান্য পণ্য মোট প্রায় চল্লিশ হাজার টাকার মালামাল চুরি করা হয়েছে। তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি স্ক্রু-ড্রাইভার ফেলে রেখে যায় চোরেরা।
এ ব্যাপারে মুদি দোকানি আশাদুল জানান, ‘বর্তমানে বাজারে পাঁচজন পাহারাদার আছেন। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব ভাগ করে তাঁরা পাহারা দেন। আমার দোকানের এলাকায় পাহারার দায়িত্বে ছিলেন পাহারাদার সর্দার আলিমদ্দীন। পাহারাদার থাকা সত্ত্বেও ক্যাম্প এরিয়ায় কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, তা আমার বোধগম্য নয়।’
এ ব্যাপারে বাজার কমিটি বরাবর মুদি দোকানি আশাদুল একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে বাজার কমিটির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী সর্দার জরুরি সভা ডেকে আলিমদ্দীনকে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন।
