ছবির ক্যাপশন:
জীবননগরের ধোপাখালীতে তারুণ্যের শক্তিবিষয়ক মতবিনিময় সভা
এ আর ডাবলু, মনোহরপুর:
জীবননগরের ধোপাখালীতে ‘আমার গ্রাম, আমার শহর উন্নয়ন এবং তারুণ্যের শক্তি’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল চারটায় ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাজান আলী, তোফাজেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ‘গ্রামকে শহরে রুপান্তারিত করতে হলে আপনারদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, সুইমিংপুল, ফ্রি ওয়াইফাই সংযোগ, পল্লি অ্যাম্বুলেন্স, সুপেয় নিরাপদ পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে এবং ধোপাখালী গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলা হবে।’
