ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জনসভায় এসে চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে আওয়ামী লীগের জনসভায় এসে মোহাম্মদ আলী শাহ (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি প্রবীণ রাজনীতিবিদ ও আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের মৃত সাহাজাহান আলীর ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বড় বাজার শহীদ হাসান চত্বরে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে নেতা-কর্মীদের নিয়ে মিছিল-সহকারে সভাস্থলে পৌঁছান মোহাম্মদ আলী শাহ। এরপর আসরের আজান হলে নামাজের উদ্দেশ্যে পাশর্^বর্তী মসজিদে যান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় সতীর্থ নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়ির উদ্দেশে।
এদিকে, জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মোহাম্মদ আলীর মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষণিক শোক প্রকাশ করে উপস্থিত নেতা-কর্মীদের কাছে দোয়া চান জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন, ‘মোহাম্মদ আলী ছিলেন আমাদের দলের একজন প্রবীণ রাজনীতিক। তিনি আমৃত্যু দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আজও তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে শেষ নিঃশ^াস ত্যাগ করলেন। আল্লাহ তাঁর জান্নাত নসিব করুন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।’ জনসভা শেষে মোহাম্মদ আলীকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি ছেলুন জোয়ার্দ্দারসহ জেলা আওয়ামী লীগের নেতারা।
নিহত মোহাম্মদ আলী শাহের পরিবার জানিয়েছে, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
