জেলার-কারারক্ষীসহ তিনজন শ্রীঘরে!

আপলোড তারিখঃ 2019-10-04 ইং
জেলার-কারারক্ষীসহ তিনজন শ্রীঘরে! ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা কারাগারে আসামিকে হত্যার অভিযোগ মেহেরপুর অফিস: মেহেরপুর জেলখানায় আসামি হত্যার অভিযোগে মেহেরপুর জেলখানার সাবেক জেলার মো. আক্তার হোসেন, সাবেক প্রধান কারারক্ষী আলামিন ও গঞ্জের আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ওই মামলার আসামিরা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত জামিনের আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলার মো. আক্তার হোসেন শেখ বর্তমানে পিরোজপুর জেলখানার জেলার, আলামিন যশোর জেলখানার প্রধান কারারক্ষীর দায়িত্ব পালন করছেন এবং গঞ্জের আলী অবসরগ্রহণ করেছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাড. ইয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের জামিরুলকে ২০০৬ সালে ৩ অক্টোবর একটি মাদক মামলায় আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ অক্টোবর জামিরুলের জেলখানায় মৃত্যু হয়। জেলার মো. আক্তার হোসেন শেখ সে সময় জানিয়েছিলেন, আসামি জামিরুল জেলখানায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় জামিরুলের স্ত্রী একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষ হলেও তদন্ত রিপোর্টে বলা হয় বিষয়টি রহস্যজনক। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি যশোর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি তাঁর তদন্ত রিপোর্টে উল্লেখ করেন, নির্যাতনের ফলে আসামি মৃত্যুবরণ করেছেন। আসামি নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন, ২০১৩-এর ১৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)