ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় সচেতনামূলক কর্মশালায় সিএস ডা মারুফ হাসান
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক নেতৃস্থানীয় ব্যক্তিদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়াদী ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘নারী ও শিশুর উন্নয়ন ছাড়া সামগ্রিক অর্থে উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবা জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দেওয়া, আজ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন। ১৯৭১ সালে আমাদের গড় আয়ু ছিল ৫০ বছর, আজ ২০১৯ সালে তা বেড়ে গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর। তাহলে কি বোঝা যায় না, আমরা এগিয়ে যাচ্ছি। নিরাপদ মাতৃত্ব যদি আমরা দিতে ব্যর্থ হই, মায়েদের স্বাস্থ্যের প্রতি যদি খেয়াল না রাখি, বাল্যবিবাহ যদি বন্ধ করতে ব্যর্থ হই, তাহলে আমরা আবারও পিছিয়ে পড়ব। ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীর বয়সন্ধিকাল, এ বয়সে মানসিক পরিবর্তন আসে। মায়েদেরকে বলি, আপনারা সন্তানদের স্মার্ট মোবাইল কিনে দেবেন না। এতে করে তাদের যে ক্ষতি আপনি নিজের হাতে করবেন, তা আর পোষানো যাবে না।’
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম ও ইউপি সচিব সোহরাব হোসেন।
জেলা তথ্য অফিসের কর্মকর্তা মারুফ হোসেনের উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষিকা মাহমুদা ইয়াসমিন, রহিমা খাতুন, তহমিনা খাতুন, রোজিনা খাতুন, শাপলা পারভীন, সুজাতা রানী, কাজী আব্দুস সাত্তার, হাসিবুল হক, ইমাম ইকরামুল হক, আলমগীর হোসেন, ইউপি সদস্য ওবায়দুল হক, শরিফুল হক, আমিন উদ্দিন, ছানোয়ার হোসেন, তছলিমা খাতুন, ফরিদা পারভীন, ছালেহা খাতুন প্রমুখ।
