চুয়াডাঙ্গায় আন্তজেলা চোর চক্রের সদস্য ফারুক কারাগারে

আপলোড তারিখঃ 2019-10-03 ইং
চুয়াডাঙ্গায় আন্তজেলা চোর চক্রের সদস্য ফারুক কারাগারে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নেহালপুর থেকে রাতের আঁধারে গরু চুরি করে পালানোর সময় আটক আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য একাধিক মামলার আসামি জাফরপুরের ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার গরুর মালিক বাদী হয়ে মামলা করলে বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করে সদর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে নেহালপুর গ্রামের দক্ষিণপাড়ার আশাদুল ম-লের গোয়াল থেকে দুটি গরু চুরি করে কৌশলে ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে চক্রটি। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে চক্রটিকে ধরতে। প্রায় তিন ঘণ্টা চোর চক্রের পিছু ধাওয়া করে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় বেরিকেড দিয়ে গতিরোধ করা হয় ট্রাকটির। এ সময় চক্রের বাকি সদস্যরা পালিয়ে গেলেও আন্তজেলা চোর চক্রের সদস্য একাধিক মামলার আসামি জাফরপুরের চাঁদ আলীর ছেলে ট্রাকচালক ফারুককে আটক করে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। একই সঙ্গে চুরি হওয়া গরু দুটি উদ্বার করে পুলিশ। পরে আটক হওয়া আসামিকে থানা হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তাঁর সঙ্গে জড়িত বাকি সদস্যদের নামও বলেন তিনি। এ ঘটনায় গরুর মালিক আশাদুল ম-ল বাদী হয়ে গ্রেপ্তার ফারুকসহ পাঁচজনের নাম উল্লেখ ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, নেহালপুর থেকে রাতের আঁধারে গরু চুরি করে পালানোর খবর পেয়ে পুলিশের একাধিক টিম প্রায় তিন ঘণ্টা ধাওয়া করে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ রেলগেট এলাকা থেকে ফারুক নামের এক চোরকে আটক করে। আটক ফারুক একাধিক মামলার আসামি। তিনি আরও জানান, ফারুকের কাছ থেকে জব্দ করা ট্রাকটি এ ধরনের চুরির কাজেই ব্যবহার করা হয় বলে ফারুক স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত আন্তজেলা চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)