‘আর কোনো দিন ফিরব না’ চিঠি লিখে যুবক নিরুদ্দেশ

আপলোড তারিখঃ 2019-09-29 ইং
‘আর কোনো দিন ফিরব না’ চিঠি লিখে যুবক নিরুদ্দেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রাম থেকে আব্দুল্লাহ আল মামুন দিগন্ত (৩০) নামের এক যুবক চিঠি লিখে নিরুদ্দেশ হয়েছেন। গত তিন দিন ধরে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সনি র‌্যাংগস মটরসের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন দিগন্ত সেজিয়া গ্রামের বজলুর রহমানের একমাত্র ছেলে। গত বৃহস্পতিবার সকালে পিতা-মাতার উদ্দেশে ‘আর কোনো দিন ফিরব না’ বলে চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এ ঘটনায় নিখোঁজ মামুনের চাচা মশিয়ার রহমান মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১১৭০। পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন দিগন্ত সনি র‌্যাংগস মটরসে চাকরি করার সময় একটি দুর্ঘটনায় মোটা অঙ্কের টাকা জরিমানা দেন। অফিসিয়াল নানা ঝামেলার কারণে তিনি বাড়ি আসতেও পারতেন না। একসময় বাড়ি এসে দেখেন, তাঁর স্ত্রী জোবায়দা খাতুন ইম্পা বাবার বাড়ি চলে গেছেন। তিনি আর আসবেন না বলে সাফ জানিয়ে দেন। স্ত্রী জোবায়দা খাতুন ইম্পা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলিপাড়ার এনামুল হকের মেয়ে। এ দম্পতির ছয় মাসের একটি কন্যাসন্তান আছে। মূলত এ শোক ও শ্বশুরকে দেওয়া টাকার কারণেই ক্ষোভে-অভিমানে মামুন বাড়ি ছেড়েছেন বলে মনে করছেন তাঁর পরিবার। যাওয়ার সময় স্ত্রী ইম্পার কাছেও একটি নাতিদীর্ঘ চিঠি লিখে গেছেন মামুন। ওই চিঠি মামুন তাঁর চাচাতো ভাই আব্দুল্লাহ আল মাহফুজের কাছ রেখে যান ইম্পাকে দেওয়ার জন্য। চিঠিতে অনেক মান-অভিমান ও ক্ষোভের কথা উল্লেখ করেছেন মামুন। মামুনের বোন নুসরাত জাহান জানান, তাঁর একমাত্র ভাইকে খুঁজে না পেয়ে তাঁর পিতা-মাতাসহ পরিবারের সবাই শোকাহত। সর্বক্ষণ মা-বাবা কান্নাকাটি করছেন সন্তানের জন্য। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ‘আমরা জিডি এন্ট্রির পর নিখোঁজ ব্যক্তির উদ্ধারে সবখানেই ম্যাসেজ দিয়ে দিয়েছি। একজন এসআই বিষয়টি তদন্ত করছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)