ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা থানার পুলিশের অভিযানে তিন মাদকসেবী আটক হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় তাঁদের আটক করে থানা হেফাজতে রাখা হয়। আজ তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হবে। জানা গেছে, আলমডাঙ্গা থানার পুলিশ অব্যাহতভাবে পরিচালনা করে চলেছে মাদকবিরোধী অভিযান। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সীর নির্দেশে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর ঈদগাহপাড়ার রুহুল আমিন ঠান্ডুর ছেলে লাল্টু (৩৫), গোবিন্দপুর হরিতলার সেন্টুর ছেলে কানন (২২) ও এরশাদপুর চাতাল মোড় এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে রনি (৩৬)। এ সময় তাঁদের নিকট থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আজ সোমবার তাঁদের সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
