প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও ডুমুরিয়া গ্রামের দক্ষিণপাড়ার পাখিভ্যানচালক নজরুল ইসলামের মেয়ের (১২) সঙ্গে একই গ্রামের সাইদুর রহমানের বিয়ের দিন ধার্য ছিল। গোপন সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজো, প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, জীবননগর থানার এসআই সাজ্জাদ হোসেন প্রমুখ।
