ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিজিএফের চাল জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে শৈলকুপা পৌরসভা ভবনে। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার বিপুল পরিমাণ ভিজিএফের চাল হতদরিদ্রদের মধ্যে বিতরণ না করে শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ করে রাখা হয়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় ৬৩ বস্তা চাল ও দ্বিতীয় দফায় ১৭ বস্তা চাল জব্দ করা হয়।
সূত্র জানায়, পৌর ভবনের দুটি গোপনকক্ষে তালাবদ্ধ অবস্থায় চালের বস্তাগুলো পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস। শৈলকুপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান খবরের সত্যতা স্বীকার করে জানান, ‘শৈলকুপা পৌরসভার কতিপয় ওয়ার্ড কাউন্সিলর ও মেয়রের মধ্যে তালিকা নিয়ে দ্বন্দ্বের কারণে হয়তো এ চাল বিতরণ করতে পারেননি। ফলে চালগুলো পৌরসভায় মজুদ ছিল। আমরা জেলা প্রশাসকের নির্দেশে ওই চাল জব্দ করেছি। এখন জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
