ছবির ক্যাপশন:
৪৮তম জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক:
৪৮তম জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের খেলাধুলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান।
নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খেলোয়াড় ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করবে। খারাপ সঙ্গ পরিহার করে কথাবার্তা ও কাজে-কর্মে স্মার্টনেস প্রমাণ করবে। এর পাশাপাশি বাবা-মায়ের কথা শুনবে, তাঁদের আদর-যতœ করবে এবং তাঁদের অবাধ্য হবে না। শুধু একটি বিষয়ে বাবা-মায়ের কথার প্রতিবাদ করতে হবে। সেটি হলো, বাল্যবিবাহ দিতে চাইলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদে কাজ না হলে সরাসরি নিকটস্থ থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা আমাকে (এসপি) সরাসরি ফোন বা ম্যাসেজ দেবে। সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যাবে।’
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, ‘আজকের খেলোয়াড়েরা আগামী প্রজন্মের ক্রীড়াঙ্গনের কর্ণধার। এখান থেকে ভালো খেলে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিয়েছে সরকার, এই আন্তস্কুল খেলাধুলার মাধ্যমে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।’
অতিথিদের বক্তব্য শেষে দলীয় ও ব্যক্তিগত ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহম্মেদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, জীবননগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র সাহাসহ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, পরিদর্শক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষকেরা।
গ্রীষ্মকালীন খেলাধুলার ইভেন্টগুলো ছিল বালক-বালিকা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা। ফুটবল বালকে জেলা চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা একাডেমি এবং বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জীবননগর হাজী মনিরউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল। অনুষ্ঠানের শেষে চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাঁর নিজের পুরস্কারটি বালিকা বিভাগের আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয় দলের সেরা খেলোয়াড় বিদিশার হাতে তুলে দিলে উপস্থিত সবাই পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
