চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-09-16 ইং
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে রফিউদ্দীন রফি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। কৃষক রফি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মাঠপাড়ার নবিছদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে বাড়ির পাশে নিজের পাটখেতের পরিচর্যা করছিলেন রফিউদ্দীন। এ সময় একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা তাঁকে মেহেরপুর বাড়াদির একটি ওঝার নিকট নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় ওঝার ঝাড়ফুঁকে কোনো কাজ না হলে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাঁর শরীরে ২০টি অ্যান্টিভেনাম ইনজেকশন পুশ করার পরও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, ‘সন্ধ্যার দিকে সাপের কামড়ে শিকার এক ব্যক্তি হাসপাতালে আসেন। জানতে পেরেছি, সকাল নয়টার দিকে তিনি সাপের কামড়ের শিকার হন। দীর্ঘ আট ঘণ্টা পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সাপের কামড়ের পর বিলম্ব না করে তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে রোগীর মৃত্যু হতো না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)