নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ার আলোচিত মাদক কারবারি মহি উদ্দীন মহিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে আকন্দবাড়িয়া গ্রামের মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মহি গত ১৬ আগস্ট একটি মাদক মামলার পলাতক আসামি। পরে মহিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মাদক কারবারি মহি একই এলাকার মৃত কপিল উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি বাজার থেকে রশিদ নামের এক মাদক কারবারিকে ৫ শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রশিদ গড়াইটুপি এলাকার শাহেব আলীর ছেলে। ওই সময় গ্রেপ্তার হওয়া রশিদ পুলিশের কাছে স্বীকারোক্তি দেন তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মাদক আকন্দবাড়িয়া এলাকার মহির কাছ থেকে সংগ্রহ করা। মহি মাদকের পাইকারি বিক্রেতা। ওই ঘটনায় পুলিশ রশিদকে গ্রেপ্তারসহ মহিকে পলাতক দেখিয়ে একটি মাদক মামলা করেন। গতকাল সদর থানার পুলিশের একটি দল থানা এলাকায় নিয়মিত ডিউটি পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মাদক মামলার পলাতক আসামি আকন্দবাড়িয়ার মহি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছেন। পরে সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মহি উদ্দীন মহিকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার মহিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।
