ছবির ক্যাপশন:
চাঁদপুর জেলায় যাচ্ছেন এসপি মাহবুব
বিশেষ প্রতিবেদক:
চাঁদপুর জেলায় বদলি হলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান। চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের এসপি জাহিদুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে, ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করা মাহবুবুর রহমান চাকরি জীবনের দীর্ঘ কর্মতৎপর সময় পার করেছেন চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গায় আসার আগে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ শাখার (ইমিগ্রেশন) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে একের পর এক ভালো কাজ, সঠিক নেতৃত্ব ও সৃজনশীল চিন্তাশক্তির যথাযথ ব্যবহারের কারণে বাংলাদেশ পুলিশ তাঁকে দ্বিতীয়বার পিপিএম পদকে ভূষিত করে। দায়িত্বপালনকালীন তিনি চুয়াডাঙ্গা জেলার মানুষের কাছে ‘গরিবের এসপি’, সদালাপী ও মিষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। বদলি আদেশ পেয়ে এবার আরও বৃহত্তর পরিসরে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। চাকরিকালীন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাঁর প্রচেষ্টা ও সর্বস্তরের মানুষের সঙ্গে অমায়িক ব্যবহারের কারণে চুয়াডাঙ্গাবাসী তাঁকে অনেক দিন মনে রাখবে।
অন্যদিকে জানা গেছে, চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার জাহিদুল ইসলাম মাগুরা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের সন্তান। পিতা প্রয়াত শরাফত হোসেন লস্কর ও মা প্রয়াত পারুল হোসেনের আট সন্তানের মধ্যে জাহিদুল ইসলাম চতুর্থ। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে কয়েকটি সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পান। কিন্তু বাবার ঐকান্তিক ইচ্ছা ও দেশ সেবার অদম্য প্রয়াসে জাহিদুল ইসলাম পুলিশ সার্ভিসে যোগদান করেন। চাকরি জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ডিএমপি, বিভিন্ন দেশে ইউএন মিশন, বিভিন্ন আন্তর্জাতিক ট্রেনিংসহ নানা স্থানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নারায়াণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের এসপি হিসেবে কর্মরত ছিলেন।
