আলমডাঙ্গার হারদীতে সম্মেলনের আগেই সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হারদী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। গত শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্যানেল প্রার্থীরা এ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ।
জানা গেছে, গত শুক্রবার বিকেল চারটার দিকে হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হক। আলোচনা সভা শেষে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের অনুষ্ঠান শুরু হয়।
এদিকে, সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা অভিযোগ করেন, জনসমর্থনের ভিত্তিতে কমিটি গঠনের কথা থাকলেও তাঁরা গোপনে তাঁদের নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে পকেট কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনের আগের দিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগসাজশে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। যে কারণে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ কমিটি গঠন স্থগিত করে দেন।
কমিটির প্রার্থী আব্দুস সালাম জানান, সম্মেলনের এক দিন আগে হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হক বৈদ্যনাথপুর বাজারে এসে শুকুর ম-লকে সভাপতি ও নুর ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এ সময় আইনাল হক আরও বলেন, কাউন্সিলের দিন কয়েকজন এসে নাম ঘোষণা করে দিয়ে যাবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ বলেন, কারও ওপর কমিটি গঠন করার দায়িত্ব এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দেননি। তাঁর নাম করে কমিটি গঠন করলে, তাঁদের ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি নতুন করে প্রকাশ্যে কমিটি দেওয়া হবে বলে জানান।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হক জানান, কমিটি গঠনে কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি। একাধিক প্রার্থী থাকায় এবারের কমিটি গঠন বন্ধ করে দেওয়া হয়েছে। পরে সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করা হবে।
