ছবির ক্যাপশন:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট ও প্রচারপত্র বিতরণকালে এসপি মুরাদ আলী
মেহেরপুর অফিস:
‘আইন মেনে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পুলিশ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিনা মূল্যে হেলমেট ও প্রচারপত্র বিতরণ করেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে এ হেলমেট ও প্রচারপত্র বিতরণের উদ্বোধন করেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এ সময় পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, ‘সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অননুমোদিত ও ত্রুটিপূর্ণ যানবাহন, লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দুর্ঘটনার জন্য দায়ী, তেমনিভাবে দায়ী পথচারী এবং তাদের অসচেতনতা। আমাদের সবাইকে আনতে হবে পরিবর্তন।’ তিনি আরও বলেন, ‘মোটরসাইকেলচালকদের সচেতন করা হচ্ছে। যাতে আপনারা কাগজপত্র ও হেলমেটবিহীন মোটরসাইকেল না চালান। পাশপাশি পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে, এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আসুন আমরা নিজেকে বদলাই এবং অন্যকে বদলাতে সহায়তা করি।’
এ সময় মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান, ডিআই-১ ফারুক হোসেন, মেহেরপুর বিআরটিএ মোটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স, ট্রাফিক সার্জেন্ট নাজমুল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, ডিবির ওসি রবিউল ইসলাম, আরআই আবু বক্কর সিদ্দিক, টিআই-২ গোলাম মুজতবা, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
যেসব মোটরসাইকেলচালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন আছে, কিন্তু হেলমেট নেই, এ রকম ২০ জনকে বিনা মূল্যে হেলমেট দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে প্রচারপত্র এবং মেহেরপুর বিআরটিএ-এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।
