ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে হুমায়ুন কবির জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। জখম হুমায়ুন কবির চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজার ফেরিঘাট সড়ক এলাকার হেলাল উদ্দীনের ছেলে।
জানা যায়, গতকাল রাতে রয়েল এক্সপ্রেসযোগে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন হুমায়ুন কবির। বাসটি ঝিনাইদহ পৌঁছালে বাসের অন্য এক যাত্রী বাসের চালককে বাসটি দ্রুতগতিতে চালাতে বলেন, কিন্তু এ সময় হুমায়ুন কবির বাসটি স্বাভাবিক গতিতে চালাতে চালককে অনুরোধ করলে অজ্ঞাতনামা ওই যাত্রীর সঙ্গে তাঁর বাগবিত-া বাধে। একপর্যায়ে অজ্ঞাত ওই যাত্রী হুামায়ুন কবিরকে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তীতে বাসটি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে পৌঁছালে হুমায়ুন কবির বাস থেকে নামতেই তিনটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা আট-নয়জন তাঁকে ঘেরাও করেন এবং তাঁদের মধ্য থেকে একজন একটি ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে আঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন আহত হুমায়ুন কবিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান জানান, রক্তাক্ত জখম অবস্থায় হুমায়ুন কবির নামের একজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁর বাঁ হাতে ও মাথায় দুটি কোপ লেগেছে। তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এদিকে, এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবিরের পরিবারের সদস্যরা।
