ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী ও সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার দোস্ত গ্রামের কেষ্টপুর ও সরোজগঞ্জ ভুলটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও ২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কেষ্টপুরের আবু বক্কর ওরফে বাক্কা (৩৭), মেহেদী হাসান (২২) ও হৃদয় (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে হিজলগাড়ী ফাঁড়ির পুলিশ জানতে পারে, কেষ্টপুর গ্রামের বোয়লমারী পাড়ার চিহ্নিত মাদক কারবারি আবু বক্কর ওরফে বাক্কা ফেনসিডিলসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন ফোর্স নিয়ে বাক্কার বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তার আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ বোতল ফেনসিডিল।
এদিকে, সিন্দুরিয়া ফাঁড়ির পুলিশ ভুলটিয়া সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মর্তুজাপুরের মুকুল হোসেনের ছেলে মেহেদী হাসান ও আলিয়ারপুরের কলিম আজাদের ছেলে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছিল।
