দর্শনা অফিস:
দর্শনায় পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার করে দামুড়হুদা থানার পুলিশ।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশন-সংলগ্ন টারজান ক্লাবের সামনে মধ্যবয়সী এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। তাঁর সন্দেহজনক ঘোরাফেরায় স্থানীয় লোকজন তাঁকে দাঁড়াতে বলেন এবং তাঁর হাতে থাকা ব্যাগে কী আছে জানতে চান। এমন সময় ওই ব্যক্তি হাতের ব্যাগ ফেলে ওই সময় দর্শনা হল্ট স্টেশন থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী চলন্ত আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে লাফিয়ে উঠে পড়েন। এ সময় স্থানীয় লোকজন দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করলে তার ভেতর ৩৫ বোতল ফেনসিডিল পায় পুলিশ।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দর্শনার স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে এসআই তপন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যাগ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
