বাড়ছে ধরপাকড় উত্তেজনা

আপলোড তারিখঃ 2019-08-09 ইং
বাড়ছে ধরপাকড় উত্তেজনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলটিতে কমপক্ষে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গ্রেপ্তারদের অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে, যাদের মধ্যে রাজনীতিক, অধিকারকর্মী, ব্যবসায়ী নেতা ও অধ্যাপক রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে বলে গতকাল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। একই দিন পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লিকে সংযোগকারী সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে দেশটিতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা জনিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বলেছেন পাকিস্তান যুদ্ধ চায় না, তবে ভারত চাপিয়ে দিলে সমুচিত জবাব দেবে তার দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তটি ঐতিহাসিক। এদিকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত ডেভিড কেই কাশ্মীরে নজিরবিহীন যোগাযোগ বিচ্ছিন্নতা আরোপকে অত্যন্ত কঠোর আখ্যা দিয়েছেন। ধরপাকড় : বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার থেকে কাশ্মীরে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ বন্ধে কাশ্মীরে ধরপাকড় চলছে। গ্রেপ্তারদের মধ্যে সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি রয়েছেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।’ বিবিসির প্রতিবেদকরা দেখেছেন, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তারা সহিংসতা বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন। স্থানীয় ট্রাভেল এজেন্ট ইকবাল বলেন, ‘কাশ্মীরের জনগণ খুবই ক্রোধান্বিত। তারা আগ্নেয়গিরির মতো যেটা ঘটনাক্রমে জ্বলে উঠবে এবং পরিণতির বিষয়ে ধারণা নেই ভারতের।’ জাতিসংঘে যাবে পাকিস্তান : দ্য ডনের খবর অনুযায়ী গতকাল রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, কাশ্মীর বিতর্ক নিয়ে জাতিসংঘের বিদ্যমান কয়েকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। ওই সময় তিনি ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে ‘নিজেদের বিষয়’ বলে ভারত যে মন্তব্য করেছে, তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ভারতের এই বক্তব্য ঐতিহাসিক, আইনি ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ভুল। সমঝোতা এক্সপ্রেস বন্ধ : দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে ইসলামাবাদ গতকাল লাহোর-দিল্লিতে চলাচলকারী সমঝোতা ট্রেন সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বলেন, সমঝোতা এক্সপ্রেসের বগিগুলো ঈদে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হবে। ভারতীয় চলচ্চিত্র বন্ধের খবর : পাকিস্তানি কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শন করা হবে না ভারতীয় চলচ্চিত্র। পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ানকে উদ্ধৃত করে জিও টিভির ইংরেজি সংস্করণের প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তানি প্রেক্ষাগৃহগুলোতে কোনো ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে না।’ ইমরানের হুঁশিয়ারি : জিও টিভির প্রতিবেদনে জানানো হয়, গতকাল ইসলামাবাদে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ইমরান খান। তিনি বলেন পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু ভারত চাপিয়ে দিলে তার দেশ সমুচিত জবাব দেবে। ওই সময় তিনি বলেন, কাশ্মীরিদের ওপর ভারতের সহিংসতার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করবে পাকিস্তান। আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিগত নিধন ও কাশ্মীরে জনসংখ্যাগত পরিবর্তন আনতে ভারতীয় কৌশলের বিষয়টি অবগত করা হবে। মোদির ভাষণ : গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দেন। দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার তিন দিন পর তিনি বলেনÑ জম্মু, কাশ্মীর ও লাদাখে নতুন যুগ শুরু হয়েছে। মোদির মতে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫ (এ) বিচ্ছিন্নতাবাদ, দুর্নীতি, সন্ত্রাসবাদ ও পরিবারতান্ত্রিক শাসন ছাড়া কিছুই দিতে পারেনি। ওই সময় তিনি বলেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিল সর্দার প্যাটেল, এস পি মুখার্জি, বি আর আম্বেদকার, অটল বিহারি বাজপেয়িসহ কোটি কোটি মানুষের স্বপ্ন ছিল। জাতিসংঘের উদ্বেগ : জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত ডেভিড কেই কাশ্মীরে যোগাযোগ বিচ্ছিন্নতার বিষয়ে দ্য গার্ডিয়ানকে বলেন, এই বন্ধের মধ্যে অত্যন্ত কঠোর কিছু বিষয় আছে, যা অন্য বন্ধের মতো নয়। গত সোমবার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কয়েক ঘণ্টা আগে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় কাশ্মীরকে। গতকাল এ অবস্থা চতুর্থ দিনে গড়ায়। ঘোষণার আগে কাশ্মীরে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর এমন উপস্থিতির মধ্যেও বিক্ষোভ হয়েছে বিভিন্ন অঞ্চলে। এদিকে কাশ্মীরে কড়াকড়ি ও যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান চেয়ে করা একটি আবেদনের ওপর জরুরি শুনানির বিষয়টি গতকাল নাকচ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)