ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল-হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল-মুলক লা শারীকা লাক-এই তালবিয়া পাঠের মধ্যদিয়ে আজ সন্ধ্যার পরই শুরু হচ্ছে হজ্জের আনুষ্ঠানিকতা। আগামীকাল ৮ যিলহজ সূর্যোদয়ের পর স্ব স্ব গৃহ থেকে ইহরাম বেঁধে তালবিয়াসহ মিনা অভিমুখে রওনা হবার মধ্যদিয়ে তারবিয়াহ বা হজের আনুষ্ঠানিকতা শুরু করাই হল সুন্নাতি তরিকা। কিন্তু ২০ লক্ষাধিক হজযাত্রীকে নির্ঝঞ্ঝাটে মিনায় পৌঁছানোর স্বার্থে আজ সন্ধ্যার পর থেকেই মিনায় নেয়া শুরু করবেন। আর স্বভাবতই হজযাত্রীদের যেতে হবে ইহরাম বেঁধে তালবিয়াহ পাঠ করতে করতে। সুতরাং আজই শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। সন্ধ্যার পর থেকেই মেসফালাহ, কেদুয়া, জিয়াদ, গাজ্জা, শেয়াবে আমেরসহ মক্কা নগরীর অলিগলিতে দাঁড়িয়ে থাকবে মিনাগামী হজযাত্রীদের বিলাসবহুল সব বাস। এক একটি বাস দু’ থেকে তিনটি পর্যন্ত ট্রিপ দেয় হজযাত্রীদের মিনা পৌঁছাতে। হজযাত্রীদের জন্য মিনার তাঁবুনগরীও রয়েছে প্রস্তুত। দক্ষিণ এশিয়া মুতাওয়িফ সংস্থার অন্তর্ভুক্ত বাংলাদেশের হজযাত্রীরাও বিশ্বের লাখ লাখ মুসল্লির সাথে মিলেমিশে কাল থেকেই পদচারণায় মুখর করে রাখবেন মিনা প্রান্তর। হজযাত্রীরা ৮ যিলহজ রাত থেকেই হজ পালনের জন্য আরাফার ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন। ৯ যিলহজ আরাফাতে অবস্থান করতে হয়। এটাই মূলত হজ। এখানে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে যোহর সালাতের আযানের পর খুৎবা প্রদান করেন খতীব এবং এরপর যোহর ও আসর সালাত কসর (দুই রাকআত) এবং জমা করে (যোহর ও আসর পরপর দুই ইকামাতে) আদায় করেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত হাজত্রীরা আরাফাত ময়দানের সীমানায় অবস্থান করে জীবনের সব গুনাহ-খাতা ক্ষমার জন্য কায়মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করেন। আরাফাতের তাঁবু বিভিন্ন কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে থাকেন।
