ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল বুধবার হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন রোগী। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল কাদের এ তথ্য জানান। এদিকে, গতকাল বুধবার দুপুরে ভর্তি রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যাঁরা গরিব ও অসহায়, তাঁদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দেন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড আরও পরিচ্ছন্ন রাখার জন্য তিনি ব্যক্তিগতভাবে দুজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেন। এ সময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অপূর্ব কুমার সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
