ছবির ক্যাপশন:
মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত এসপি এস এম মুরাদ আলী
মেহেরপুর অফিস:
মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পাসপোর্ট কিংবা যেকোনো ভেরিফেকিশনে পুলিশের কোনো সদস্য টাকা গ্রহণ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান মেহেরপুরের নবাগত পুলিশ সুপার। তিনি বলেন, ‘আমি কয়েকটি মিশন নিয়ে মেহেরপুর জেলায় কাজ করতে চাই। জেলার মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ভূমিকায় থাকব সর্বদা। পাশাপাশি মেহেরপুরের সব আবাসিক হোটেলগুলোতে কোনো রকম অনৈতিক কর্মকা- পরিচালনার সুযোগ দেওয়া হবে না।’ এ ছাড়া জঙ্গিবাদ প্রশ্রয় পায়, এমন কাজ মেহেরপুরে কাউকে করতে দেওয়া হবে না।’
পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ক্রিকেট খেলার জুয়াসহ সব ধরনের জুয়া বন্ধ করা হবে, ইভটিজিং, অপ্রাপ্ত বয়সের কেউ যাতে কোনো মোটসাইকেল বা যানবাহন চালাতে না পারে, সে জন্য জোর অভিযান চালানো হবে। সর্বোপরি মেহেরপুর একটি শান্তিপ্রিয় জেলা। এখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে পুলিশকে সহযোগিতা করতে হবে।
পরে পুলিশ সুপার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন। তিনি বলেন, ‘ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা নিতে হবে। আপনাদের নিজ নিজ বাড়ি-ঘর, আশপাশের যে কোনো জায়গা, ফুলের টব, বাড়ির আঙিনা, প্লাস্টিকের পাত্রে পানি থাকলে তিন দিন পরপর পরিষ্কার করবেন।’
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
