ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভায় যুগ্ম সম্পাদক টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধি, দেশব্যাপী ছেলেধরা গুজব, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, এই ধরনের অপপ্রচার এর বিরুদ্ধে কর্মসূচি এবং ৫ আগস্ট স্থানীয় শহীদ দিবস পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পহেলা আগস্ট সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে দলের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, কার্যকরি কমিটির সদস্য অ্যাড. বেলাল হোসেন, মহিলা আওয়ামীলীগের নেত্রী নুরুন্নাহার কাকলি, নাবিলা রুকছানা ছন্দা ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা।
এ ছাড়াও পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, আসমান, ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ এবং সব সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি সব ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণ পূর্বক কর্মসূচি সফল করার আহ্বান জানান। কর্মসূচি বাস্তবায়নে সবার উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা নিধনে সবাইকে যার যার অবস্থান থেকে সক্রিয় হতে হবে। মশার বংশবিস্তার রোধে বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব। একই সঙ্গে ছেলেধরা গুজব রটনাকারীদের প্রতিহত করতে হবে। মনে রাখবেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর মাধ্যমে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে চলেছে, তখন তারা দেশের এই শান্ত পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে। যেকোন পরিস্থিতিতে যেকোন সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টা থাকা প্রয়োজন।’
সভা থেকে জানানো হয়, আগামী ৫ আগস্ট চুয়াডাঙ্গা জেলার স্থানীয় শহীদ দিবসের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আরও উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। এ দিন সকাল ৯টায় দামুড়হুদার আট কবর শহীদ স্মৃতি কমপ্লেক্সে পতাকা উত্তোলন ও সকাল ৯টা ১৫ মিনিটে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পরে আটকবর মুক্তমঞ্চে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধি এবং গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে সকাল ১১টায় শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হবে।
