চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-08-02 ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এসে শেষ হয়। সেখানে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. রবজেল হকের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘শিশুর জন্য মায়ের দুধ মহৌষধ। শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। গতকাল শুরু হয় ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯’। মাতৃদুগ্ধ সপ্তাহটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদ্যাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ থেকে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিশুকে মায়ের দুধ থেকে বঞ্চিত করা মানে তাকে তার ন্যায্য অধকিার থেকে বঞ্চিত করা। তা ছাড়া গুঁড়ো দুধ খাওয়ানোর ফলে অনেক সময় শিশুদের উপকারের পরিবর্তে অপকারই হচ্ছে বেশি। এই দুধ থেকে শিশুরা নানা অসুখ-বিসুখের শিকার হচ্ছে। তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। মায়ের দুধ না খাওয়ানোর জন্য শিশুদের পুষ্টিহীনতা, পড়াশোনায় অনগ্রসরতা, ডায়াবেটিস, ক্যান্সার, এলার্জির মতো রোগও হতে পারে। মায়ের দুধের ‘বিকল্প’ হিসেবে বা ‘সহযোগী’ হিসেবে গুঁড়ো দুধের প্রচারণা বন্ধ করতে হবে। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে, এটা অত্যন্ত জরুরি। মায়ের দুধ পান করে সুস্থ, সবল, মেধাবী প্রজন্ম গড়ে উঠুক। বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে এটাই আমাদের প্রত্যাশা।’ উক্ত র‌্যালি ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশার, পরিবার পরিকল্পনা প্রতিনিধি ডা. মো. শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, সিনিয়র কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. পরিতোষ কুমার ঘোষ, জুনিয়র কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. আবুল হোসেন, শিশু কনসালট্যান্ট ডা. মাহবুবুর রহমান মিলন, শিশু কনসালট্যান্ট ডা. আসাদুর রহমান মালিক খোকন, জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময়, হাসপাতালরে নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসাতালের হেলথ্ এডুকেটর মো. দেলোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)