ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রটনাকারীদের প্রতিহত করার আহ্বান

আপলোড তারিখঃ 2019-08-01 ইং
ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রটনাকারীদের প্রতিহত করার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বিশেষ প্রতিবেদক: ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, গড়ে তুলি পরিচ্ছন্ন সমাজ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ স্লোগানে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা শহরের সরকারি কলেজ সড়ক থেকে তিন দিনব্যাপী এ কর্মসূচি শুরু করা হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের নেতৃত্বে এ সময় সচেতনতামূলক পদযাত্রা বের হয়। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, অন্যতম সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জমান কবির, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকিসহ জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী। তিন দিনের কর্মসূচির প্রথম দিন নেতারা ও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের বাসভবনের সামনে থেকে বড় বাজার শহীদ হাসান চত্বর পর্যন্ত ঝাড়ু, বেলচা, হাঁসুয়া, মশা মারার ওষুধ, স্প্রে মেশিন হাতে নিয়ে রাস্তা, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও ওষুধ ছিটান। পরে শহীদ হাসান চত্বরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রটনাকারীদের প্রতিহত করতে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং গুজব রটনাকারীদের প্রতিহত করতে হবে। গুজবে কান দেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। গুজব ও গণপিটুনির নামে মানুষ হত্যা জঘন্য অপরাধ ও পাপের কাজ। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সবার নিজ নিজ ঘরবাড়ি, কাপড়-চোপড় যে গুলো আলনায় ঝুলানো থাকে, বাক্সে বা আলমারিতে থাকে; সে গুলো পরিষ্কার রাখা, ঘরের সব কোনা, সবকিছু পরিষ্কার করে রাখতে হবে। তিনি বলেন, এডিস মশা বংশ বিস্তার করে জমে থাকা পরিষ্কার পানিতে। সে কারণে বৃষ্টির পানি যেন কোথাও জমে না থাকে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। এডিস মশা বেশির ভাগ সময় পায়ের দিকে কামড়ায়। সে কারণে পা ঢেকে রাখতে হবে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। এ সময় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ৩১ জুলাই এবং আগামী ২ ও ৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহও এ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)