ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ৭ লাখ টাকা খোয়ালেন মাদারীপুরের গরু ব্যবসায়ী গনেশ দাস। গতকাল বুধবার সন্ধ্যায় অজ্ঞান অবস্থায় হাটের একটি গলিতে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর সঙ্গে আসা অন্য গরু ব্যবসায়ীরা তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শহরের ফাতেমা টাওয়ার হাসপাতালে ভর্তি করেন।
গনেশ দাসের সঙ্গে আসা গরু ব্যবসায়ী তালেব আলী জানান, তাঁরা পাঁচজন মাদারীপুর থেকে একটি ট্রাকযোগে গতকাল আলমডাঙ্গা পশুর হাটে এসে পৌঁছান। গনেশ দাস সাতটি গরু কেনার প্রস্তুতি নিয়ে এসেছিলেন। এর মধ্যে সন্ধ্যার আগে একটি ৭০ হাজার টাকা দামের গরু কেনেন। বাকি গরুগুলো কিনতে দামদর করছিলেন। তিনি আরও জানান, ‘আমরা যার যার মতো গরু দেখতে দেখতে হাটের এদিক-ওদিক ছড়িয়ে পড়ি। সন্ধ্যার দিকে খবর পায়, গনেশ দাস অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’ তিনি বলেন, গনেশের কাছে প্রায় ৭ লাখ টাকা ছিল।
জানা যায়, গনেশকে অজ্ঞান করে তাঁর কোমরে থাকা টাকার ব্যাগ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তাঁর বুক পকেটে থাকা ৬ হাজার ৭ শ টাকা পাওয়া যায়। মাদারীপুরের দুজন ব্যবসায়ী গনেশের পঙ্গে হাসপাতালে রয়েছেন। একজন গরু নিয়ে মাদারীপুর চলে গেছেন।
