ছবির ক্যাপশন:
উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গার চিৎলা ইউপির উপনির্বাচন সম্পন্ন
এসএম শাফায়েত/রোকনুজ্জামান:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আলমডাঙ্গা উপজেলাধীন চিৎলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সালাম বিপ্লব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯২ ভোট। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩২৭ ভোট এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী দেলোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। এর মধ্যে ১২৩টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন প্রার্থী নির্বাচনের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন বা অভিযোগ তুলেছেন বলে সংবাদ পাওয়া যায়নি। সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হলে ভোটাররা ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। সকাল থেকে দুপুর ১২টা নাগাদ পুরুষদের কিছুটা ভিড় থাকলেও দুপুরের পর তা কমতে থাকে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিকাল পাঁচটা পর্যন্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ১৬ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৭৫৭ জন ভোটার তাঁদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময়ের পর বুথ বন্ধ করে বদ্ধঘরে ভোট গণনা শুরু হয়। সব কেন্দ্রের ভোট গণনা শেষে রাত আটটার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
