ইপিআই টিকা থেকে বঞ্চিত শিশু ॥ স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

আপলোড তারিখঃ 2019-07-22 ইং
ইপিআই টিকা থেকে বঞ্চিত শিশু ॥ স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ছবির ক্যাপশন:
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি জাহিদ বাবু/মিঠুন মাহমুদ:চুয়াডাঙ্গার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে ঢাকায় অবস্থান করছেন। যার ফলে সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। এর কারণে জীবননগর পৌর এলাকায় শিশুদের ইপিআই টিকা দিতে না পারায় হতাশ হয়ে পড়েছেন অভিভাবকেরা। সময় মতো শিশুদের ইপিআই টিকা না দিলে তারা যক্ষা, হাম, পোলিও, টাইফয়েড, হেপাটাইটিসসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। জানা গেছে, পৌরসভা থেকে শিশুদের ইপিআই টিকা দেওয়া হয়। কিন্তু কিছু দিন যাবৎ সারা দেশের ন্যায় জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে পৌরসভার নাগরিক সেবা বন্ধ করে রেখেছেন। ফলে পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি শিশুরাও বঞ্চিত হচ্ছে ইপিআই টিকা থেকে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার জীবননগর পৌরসভা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কর্মসূচির আওতায় শিশুদের টিকা প্রদান করা হয়। দুই সপ্তাহ ধরে পৌরসভার কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা দিতে আসা অভিভাবকেরা টিকা না দিতে পেরে বাড়িতে ফিরে যাচ্ছেন। সন্তানের টিকা দিতে আসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিশু ফারহার (১) পিতা আলমগীর হোসেন জানান, ‘দুই সপ্তাহ যাবৎ আমার ছেলেকে হাসপাতালে টিকা দিতে নিয়ে আসছি। গত সপ্তাহে কেউ আসেনি, আবার এ সপ্তাহেও কেউ আসেনি, ফলে বাড়িতে ফিরে যেতে হচ্ছে। পৌরসভার কর্মকর্তাদের এ অবরোধের জন্য আমাদের বাচ্চাদের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে।’ এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘বৃহস্পতিবারে ইপিআই টিকা দেওয়া হয়নি, বিষয়টি আমি জানি। পৌরসভা থেকে এ টিকা প্রদান করা হয়। সরকারিভাবে আমাদের নির্দেশনা আছে, পৌরসভার মধ্যে যে সমস্ত শিশু আছে, তাদের পৌরসভা থেকে ইপিআই টিকা প্রদান করতে হবে। আর ইউনিয়ন পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হবে। তবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সব কাজ বন্ধ করে রাখায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে যদি সরকারিভাবে আমাদের ওপর নির্দেশনা আসে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’ এ ব্যাপারে জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বললে তিনি বলেন, পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে আছেন, ফলে শিশুদের ইপিআই টিকা দেওয়া হয়নি। তবে খুব শিগগিরই এর সমাধান করা হবে। এদিকে সচেতন মহল এটি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)