ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে সম্প্রতি ছয়টি বাড়িতে ডাকাতি ও রতিরামপুরের রাস্তায় সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্যরা হচ্ছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জের মুকুলের ছেলে সোহাগ (২২) ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩)। গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। পুলিশ তাঁদের গত বুধবার সকালে আদালতে হাজির করলে তাঁরা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্তোষপুর গ্রামের ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য ৫ জুলাই সন্ধ্যায় রতিরামপুর সড়কের কবরস্থানের নিকট পথচারীদের আটকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিন গভীর রাতে সন্তোষপুর গ্রামের মাঠপাড়ায় ছয়টি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ। তদন্ত চলকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেন।
