শিক্ষা-সচেতনতাই গড়তে পারে শক্তিশালী জনসম্পদ

আপলোড তারিখঃ 2019-07-12 ইং
শিক্ষা-সচেতনতাই গড়তে পারে শক্তিশালী জনসম্পদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় জেলা প্রশাসক বলেন, একটি দেশের জনসংখ্যা উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ জরুরি। এ ক্ষেত্রে বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তবে সুখী-সমৃদ্ধ জীবন গড়তে ছোট পরিবারের কোনো বিকল্প নেই। মানুষের মৌলিক যতগুলো অধিকার রয়েছে, তার মধ্যে পরিকল্পিত পরিবার একটি। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে অন্য সুখী-সমৃদ্ধ দেশের চিত্র তুলে ধরে সিজারিয়ান কমিয়ে স্বাভাবিক (নর্মাল ডেলিভারি) প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানান। জেলা প্রশাসক আরও বলেন, গড়ে দেশের শতকরা ৪০ ভাগ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের পুনর্বাসন করা না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ দেশে প্রায় ৮০ লাখ পথশিশু আছে। যাদের প্রয়োজন শিক্ষা, বাসস্থান, খাবার ও কাপড়। তাদের অবহেলায় রেখে কখনো দেশ এগিয়ে যেতে পারবে না। জনসংখ্যাবহুল এ দেশে দরিদ্রদের পুনর্বাসন হলেই দেশ উন্নত হবে। সুতরাং সচেতনতা ও শিক্ষিত জনসম্পদের পাশাপাশি সরকার ও জনগণের পারস্পরিক সহযোগিতা জনসংখ্যা সমস্যার সমাধানের অন্যতম উপায় হতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। আরও বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন ও সাংবাদিক শাহ আলম সনি। আলোচনা সভায় বক্তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে বাল্যবিবাহ বন্ধ করাসহ মাদক নির্মূলের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে বিভিন্ন কর্মকা-ের বাৎসরিক মূল্যয়নে এ বছর জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত করা হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হয়েছে উথলী ইউনিয়ন পরিষদ। শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সদরের বেগমপুর। শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি) ও ক্লিনিক দুই ক্যাটাগরিতেই জীবননগরের সূর্যের হাসি নেটওয়ার্ক পুরস্কৃত হয়েছে। জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হয়েছেন জীবননগর সদর ক্লিনিকের রেশমা খাতুন। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন উথলী ইউনিয়নের এফপিআই সাজেদুর রহমান। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাজেদা ইয়াসমিন। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু ও ডা. বেগম সামসুন্নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্র্যাকের প্রতিনিধি আব্দুস শুকুর, সূর্যের হাসির ম্যানেজার নাফিজ আহম্মদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, এফপিআই স্বপন আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখ্খাইরুল ইসলাম, টিএফপিএ হাফিজুর রহমান, বশিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, বিজয় কুমার প্রমুখ। সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ে ছয়জনকে পুরস্কৃত করা হয়। জীবননগর: জীবননগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বিনেশ চন্দ্র পাল, ডা. মাহমুদা খাতুন, লতিকা আক্তার লতা, শেখ শামসুল আলম প্রমুখ। মেহেরপুর: মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দিবসটি পালন উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, পাপিয়া খাতুন প্রমুখ। পরে সেখানে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী ফিরোজা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোয়ারা খাতুন, পরিদর্শক আজাদ রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ফিরোজা খাতুন, বাউট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, মেহেরপুর সদর উপজেলা পরিষদ, সূর্যের হাসি ক্লিনিক মেহেরপুর ও সূর্যের হাসি ক্লিনিক গাংনীকে পুরস্কার প্রদান করা হয়। ঝিনাইদহ: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে র‌্যালি বের হয়। সকালে জেলা প্রশাসকের অফিস থেকে শুরু হয়ে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. জাহিদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ ছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, বিএমএর সেক্রেটারি ডা. দুলাল কুমার চক্রবর্তী, সাবেক উপাধ্যক্ষ এম এন শাহজালাল ও শিশুবিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে ক্রেস্ট ও প্রশংসাপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপপরিচালক ডা. জাহিদ আহমেদ জানান, জেলায় গড় জন্ম সংখ্যা ১ দশমিক ৬৬ , যা খুলনার থেকেও কম। এ ছাড়া নবজাতক, শিশু ও মাতৃমৃত্যুর হার কাক্সিক্ষত পর্যায়ে নামিয়ে আনতে ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগ সক্ষম হয়েছে। হরিণাকু-ু: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইনের নেতৃত্বে একটি র‌্যালি হরিণাকু-ুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও চাঁদপুরের এফপিআই মো. খাইরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জামিনুর রশীদ, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও গোলাম মোস্তফা। এ ছাড়াও বক্তব্য দেন এফপিআই ইমরুল কায়েস ও এফডব্লিউএ শাহানা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)