ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে এমপি টগর
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সদস্যভুক্ত ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সুদমুক্ত আর্থিক ঋণ এবং অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সাংসদ টগর ইমামদের উদ্দেশে বলেন, মসজিদে দেশের কথা বলেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে, সেটা মানুষকে জানান।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম।
এ সময় দামুড়হুদা উপজেলা ও জীবননগর উপজেলার ১৪ জন ইমামকে ৭০ হাজার টাকার অনুদান এবং ৪ জন ইমামকে ৪৮ হাজার টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।
এর আগে গত শনিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সদস্যভুক্ত ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
