ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
গ্যাসের দাম বৃদ্ধি ও গণবিরোধী বাজেটের প্রতিবাদ এবং সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বামপন্থি তিন জোটের ডাকে আজ রোববার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-দুপুর ১২টা) হরতাল পালিত হবে। বাম গণতান্ত্রিক জোট, বাম ঐক্যফ্রন্ট এবং গণতান্ত্রিক বাম ঐক্য নামের পৃথক তিন জোটের ডাকা এ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাপ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। বাম জোটগুলোর দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আজকের হরতালে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে শ্রমিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনও। ১ জুলাই থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন বিক্ষোভ সমাবেশ করে ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডাকে আটটি বামপন্থি দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। পরে অভিন্ন দাবিতে একই দিনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাম ঐক্যফ্রন্ট ও গণতান্ত্রিক বাম ঐক্য। হরতাল সফল করতে গত কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছে বামপন্থি জোট ও তাদের শরিক দলের নেতাকর্মীরা।
গতকাল শনিবার এক বিবৃতিতে হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে সই করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির নেতা শওকত হোসেন আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মুর্শেদ, কমিউনিস্ট ইউনিয়নের সানোয়ার ইমরান প্রমুখ। সদরঘাট পর্যন্ত পদযাত্রা : আজকের হরতালের সমর্থনে গতকাল জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট। প্রেস ক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এবং রাজেকুজ্জামান রতন। তারা বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনস্বার্থে এ হরতাল সফল করতে হবে। সদরঘাটে পদযাত্রার সমাপনীতে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এদিকে বাম জোটের হরতালের সমর্থনে গতকাল রাজধানীতে প্রচারপত্র বিলি করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, কামাল ভূঁইয়া, শহীদুননবী ডাবলু, শাহ আলম, শওকত আলী প্রমুখ।
