কুসংস্কার: টিউবওয়েলের পানি খেলেই সব রোগ মুক্তি!

আপলোড তারিখঃ 2019-07-07 ইং
কুসংস্কার: টিউবওয়েলের পানি খেলেই সব রোগ মুক্তি! ছবির ক্যাপশন:
সাইফুল ইসলাম: ঝিনাইদহে এবার দুরন্ত মাঠের টিউবওয়েলের পানিতে সব রোগের মুক্তি মিলছে। রোগ মুক্তির আশায় টিউবওয়েলের পানি নিতে সেখানে হাজার হাজার লোকের সমাগম হচ্ছে। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর থেকে ভিখের মোড় নামক স্থানে যেতে ডান পাশের দুরন্ত মাঠের মধ্যে একটি মেহগনিবাগান আছে। সে বাগানের ভেতর সদ্য স্থাপিত একটি টিউবওয়েলের পানি পান করলেই সব রোগ থেকে মুক্তি পাচ্ছেন মানুষ। এমন গুজব খবর চারদিকে ছড়িয়ে পড়লে সেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হচ্ছে রোগমুক্তির আশায় পানি সংগ্রহ করার জন্য। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে একটি নলকূপ সদ্য স্থাপন করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, এলাকার ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল নলকূপটি ওই এলাকার কৃষকদের পানি পান করার সুবিধার্থে স্থাপন করেছেন। কে বা কারা এ ধরনের গুজব রটনা করেছে যে এ নলকূপের পানি পান করলে সমস্ত রোগব্যাধি ভালো হয়ে যাবে। তবে কারও রোগ ভালো হয়েছে, এমন কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে অনেক দূর থেকে গভীর রাতেও সেখানে লোকজন আসছে ও রোগমুক্তির আশায় পানি সংগ্রহ করছে। দেখা যায়, অনেক মহিলা তাঁদের পারিবারের সদস্যদের নিয়ে দূর থেকে এখানে আসছেন, রোগমুক্তির আশায়। কিন্তু ওই স্থানটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, তিনি দীর্ঘদিন প্যারালাইজড রোগে পড়ে আছেন। ওই নলকূপের পানি পান করে রোগমুক্তি হবে, এ আশায় তিনি সেখানে যান এবং পানি পান করেন। কিন্তু পানি পান করে রোগমুক্ত হয়নি বলে তিনি সাংবাদিকদের জানান। স্থানীয় ব্যক্তিরা জানান, গত রোজার আগে ২ নম্বর মধুহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাঠের কৃষকদের পানি পান করার জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়। ২০ দিন আগে লোকমুখে আলোচনা আসতে থাকে কে যেন স্বপ্ন দেখেছে, এ টিউবওয়েলের পানি আর আশকেলগাছের (দাতন) শিকড়-বাকল খেলে রোগ সেরে যাচ্ছে। এরপর থেকেই এক-দুজন করে লোকজন বাড়তে থাকে। তবে বর্তমানে হাজার হাজার লোকের ভিড় জমছে প্রতিদিন। পানি নিতে আসা তালসার গ্রামের রহমান সেলিম বলেন, ‘এক আত্মীয়ের মাধ্যমে আমি জেনেছি, একজন স্বপ্নে দেখেছে টিউবওয়েলের পানি খেলে রোগ ভালো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে টিউবওয়েলের পানি নিতে। তাই আমরা দেখার জন্য এসেছি, সে সঙ্গে পানিও নিয়ে যাচ্ছি। তবে কে স্বপ্নে দেখেছে, তা খোঁজ করেও পাওয়া যায়নি।’ এ বিষয়ে ২ নম্বর মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)