জীবননগরে জমে উঠেছে পানের বাজার!

আপলোড তারিখঃ 2019-07-07 ইং
জীবননগরে জমে উঠেছে পানের বাজার! ছবির ক্যাপশন:
মিঠুন মাহমুদ: জীবননগরে জমে উঠেছে সর্ববৃহৎ পাইকারি পানের বাজার। অল্প খরচে স্বল্প সময়ে পান চাষ ও বিক্রি করে এখন অনেক পরিবার স্বাবলম্বী হয়েছে। এসব পান বিক্রি হয় জীবননগর পৌরসভার মধ্যে। অস্থায়ীভাবে গড়ে ওঠা এসব পান বাজারে প্রতিদিন পান কিনতে চুয়াডাঙ্গা জেলাসহ পার্শ¦বর্তী জেলা ও উপজেলা থেকে ক্রেতারা ভিড় জমান। ভোর হতে না হতেই প্রতিদিন জমে ওঠে পান বাজার। এ অঞ্চলের পানের চেহারা ভালো, খেতে সুস্বাদু ও পানের গুণগতমান উন্নত হওয়ায় এখানকার পানের চাহিদা ব্যাপক। জানা যায়, এ বাজারে অস্থায়ীভাবে কয়েক বছর যাবৎ পান বিক্রি হয়ে আসছে। বর্তমানে এ বাজারে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পান কিনে তা মিনিট্রাক, নসিমন, করিমন ও ভ্যানযোগে বিভিন্ন গ্রাম-গঞ্জের হাটবাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা। জীবননগর থেকে স্বল্পমূল্যে পান ক্রয় করে অন্য বাজারে নিয়ে অধিক মূল্যে বিক্রি করে তাঁরা লাভবান হচ্ছেন। পানচাষি উপজেলার রায়পুর গ্রামের শওকত আলী বলেন, ১০ বছর যাবৎ তিনি পান চাষ করে আসছেন। বর্তমান সার, কীটনাশক ও লেবার খরচ বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর পান চাষে লাভ কম হচ্ছে। তারপরও পান চাষ করতে হবে। সপ্তাহের চার দিন বাজারে পান আনলে এ পান বিক্রির টাকা জমির অন্য আবাদ চাষের খরচে লাগানো যায়। এ জন্য পান চাষ করতে হচ্ছে। পান ব্যবসায়ী যশোর চৌগাছার সুকুমার বলেন, ছয় বছর যাবৎ তিনি এ বাজারে পান কিনতে আসছেন। এ অঞ্চলের পান বাইরে ব্যাপক চাহিদা থাকায় এখান থেকে পান ক্রয় করে যশোরসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়। তা ছাড়া প্রতিদিন উপজেলার দুই শতাধিক পানের বরজমালিক এ বাজারে পান নিয়ে আসেন। গোবিন্দপুর গ্রামের পাইকারি পান ব্যবসায়ী ফয়েজ হোসেন বলেন, ‘দুই বছর ধরে এ বাজার থেকে পান ক্রয় করে ময়মনসিংহে বিক্রি করি। এ অঞ্চলে পানের চাহিদা মেটানোর পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এসব পান সরবরাহ করা হচ্ছে।’ এদিকে এ বাজারটি এখন পান বিক্রির একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিভিন্ন জেলায় পরিচিত লাভ করেছে। চুয়াডাঙ্গা সদর, মহেশপুর, দামুড়হুদা, কোঁটচাঁদপুর, খালিশপুর, কালীগঞ্জ, যশোর চৌগাছাসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মিনিট্রাক, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে পান কিনতে আসেন ব্যবসায়ীরা। প্রতিদিন সকালে ১০ থেকে ১৫ লাখ টাকার পান বিক্রি হয় বলে ব্যবসায়ী সূত্রে জানা গেছে। জীবননগর উপজেলার কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, জীবননগর উপজেলায় মোটামুটি পানের চাষ বেশ দেখা যাচ্ছে। তবে আগামীতে পানের চাষ আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। পান চাষ বৃদ্ধি করার জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। এদিকে বাজারে পান বিক্রি করে উপজেলার অনেক কৃষক পরিবার স্বাবলম্বী হলেও স্থায়ীভাবে পানের বাজার না থাকায় পানচাষিরা হতাশ। তাই এলাকার সব পানচাষিসহ সুশীল সমাজের ব্যক্তিরা জীবননগর বাজারে একটি স্থায়ী পানের বাজারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)