নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বিষ মেশানো বিস্কুট খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দুই ভাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে থাকা বিষ মেশানো বিস্কুট খেয়ে দুই ভাই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রাখেন। বিষ মেশানো বিস্কুট খেয়ে অসুস্থ হওয়া দুই ভাই হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বেলেপাড়ার জাহিদুল ইসলামের দুই ছেলে আবির হাসান (৬) ও মাজমাইল হাসান (২)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে আবির ও মাজমাইলের মা স্বপ্না বেগম বাড়িতে অতিরিক্ত ইঁদুরের উৎপাতের কারণে ইঁদুর মারার জন্য বিস্কুটের সঙ্গে বিষ মিশিয়ে ঘরের এক কোণে রেখে দেন। শিশু দুই ভাই কিছু না বুঝেই ইঁদুর মারার জন্য রেখে দেওয়া সেই বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বপ্না বেগম দুই ছেলের বিষ মেশানো বিস্কুট খাওয়ার ব্যাপারে জানতে পারেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন তিনি। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষ মেশানো বিস্কুট খেয়ে অসুস্থ দুই ভাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তাদের অবস্থা উন্নতির দিকে।
